গাইবান্ধার গোবিন্দগঞ্জে কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে বিস্ফোরণে নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। অপর দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়ার পথে বোরহান নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩।
এ ঘটনায় সন্দেহজনক ভাবে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনার পর গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুধবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে মেকুরাই নয়াপাড়া গ্রামে কাসেমের ছেলে বোরহানের বাড়িতে ঘটনাটি ঘটে।
ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। এ পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে বাড়ির মালিক বোরহান(৩৬), একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) এবং অন্য একজন অপরিচিত।
স্থানীয়রা জানান, তিন থেকে চারজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে ঢোকে। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পায় তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় তার ঘরের টিনের চাল উড়ে যায়।
আটকের বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ঘটনার পর সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে।
বিস্ফোরণের বিষয়ে তিনি জানান, এটা বিস্ফোরক দ্রব্য, নাকি গ্যাস সিলিন্ডার, নাকি বোমা তা এই মহুর্তে বলা যাচ্ছে না। পরীক্ষার পর বিষয়টি আসলে কি তা জানা যাবে।